রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লোকালয়ে পাওয়া ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর বনে অবমুক্ত অবমুক্ত করেছে বন বিভাগ। সাপটির ওজন প্রায় ২২ কেজি। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পাশে রেশম গবেষণা কেন্দ্র এলাকার স্থানীয় তরণ মনি তঞ্চঙ্গ্যা অজগরটিকে দেখতে পান। পরে সাপটিকে তিনি বস্তাবন্দি করে বন বিভাগকে খবর দেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন তিনি।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এবং সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা প্রমুখ উপস্থিতি ছিলেন। ইউএনও মুনতাসির বলেন, প্রায় সময়ই এই এলাকায় অজগর লোকালয়ে চলে আসে। গত কয়েক বছর যে কয়টি আজগর অবমুক্ত করা হয়েছে, এটি তার মধ্যে আজ পাওয়া সাপটি সবচেয়ে বড়।










