আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বিশ্বের দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ‘জি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে। অন্যদিকে ‘সি’ গ্রুপে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

শুক্রবার রাতে দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২-এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ড কিংবা ওয়েলসকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ইংল্যান্ড। প্লে-অফ সেমিফাইনালে ইউক্রেন ও স্কটল্যান্ড ম্যাচের বিজয়ী ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে। ওই ম্যাচের বিজয়ী পড়েছে ইংল্যান্ডে ‘বি’ গ্রুপে। যুক্তরাষ্ট্র ও ইরান গ্রুপটির বাকি দুই দল।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও পড়েছে সহজ গ্রুপে। ‘ডি’ গ্রুপে ফরাসিরা খেলবে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে। এছাড়া পেরু, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মধ্য থেকে একটি দল যুক্ত হবে এই গ্রুপে।

‘ই’ গ্রুপে ২০১০ আসরের চ্যাম্পিয়ন ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির হাইভোল্টেজ লড়াই দেখবে কাতার বিশ্বকাপ। গ্রুপে খেলবে এশিয়ার দল জাপান এবং কোস্টারিকা ও নিউজল্যান্ডের মধ্যকার প্লে-অফের বিজয়ী।

‘এফ’ গ্রুপে খেলবে বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। ‘এইচ’ গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

৩১ মার্চ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ের ভিত্তিতে ৩২ দলকে ভাগ করে চারটি ‘পট’-এ রাখা হয়। একটি পটে আটটি করে দল রাখা হয়। এই পটগুলো থেকেই আট গ্রুপের জন্য চারটি করে দল ঠিক করা হয়।

ইউরোপিয়ান অঞ্চল বাদে অন্য কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে পড়েনি। বিশ্বকাপ বাছাই পেরিয়ে যেহেতু ইউরোপের ১৩ দল জায়গা করে নিয়েছে মূল পর্বে, সেহেতু অন্তত ৫ গ্রুপে ইউরোপের দুটি দল পড়েছে।

ইউরোপ থেকে সবচেয়ে বেশি ১৩ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। আফ্রিকা থেকে ৫ দল, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে সরাসরি চারটি এবং আরো একটি দলের খেলার সুযোগ রয়েছে প্লে-অফ থেকে। উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল (কনকাকাফ) থেকে সরাসরি বিশ্বকাপে উঠেছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। চতুর্থ হয়েছে কোস্টারিকা, যারা জুনে প্লে-অফ খেলবে ওশেনিয়া অঞ্চলের বিজয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে।

আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ আসর, যা ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। কাতার ও একুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

২০২২ বিশ্বকাপে কে কোন গ্রুপে

গ্রুপ-এ: কাতার, একুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।

গ্রুপ-বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন।

গ্রুপ-সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।

গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/আরব আমিরাত/অস্ট্রেলিয়া।

গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/ নিউজিল্যান্ড।

গ্রুপ-এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

গ্রুপ-জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।

গ্রুপ-এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

বিবিসি ও ফিফা ডটকম