প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে প্রার্থী কোন দলের, বর্ণের বা ধর্মের তা বিবেচ্য বিষয় নয়, আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
গতকাল বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, করোনার কারণে আগে একদফা নির্বাচন পেছানো হলেও সংক্রমণ তুলনামূলক কম হওয়ায় বরিশাল ও মাদারীপুর অঞ্চলে ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
তবে করোনা সংক্রমণ বেশি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে খুলনা অঞ্চলের সব নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, এর আগেও বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন।
তিনি আশা করছেন এবারো তারা তাদের দায়িত্ব পালন করবেন।
এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহ্বান করেন, এ নির্বাচনে তারা যেন বিধিবহির্ভূত কোনো কাজ না করেন।
এছাড়া হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জে কোস্টগার্ড মোতায়েনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।










