দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে গত ছয় দিনে ২৮০ অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার (২৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় গত ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে।
এ সব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার অপরাধীদের থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী অস্ত্র, পাসপোর্ট, চোরাই মোবাইল ফোন, ট্যাব, সিমকার্ড, স্বর্ণালংকার, ট্রলার, মোটরসাইকেল, ট্রাক, ড্রেজার, ভেকু, এক্সক্যাভেটর, ডাম্পার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্নে সড়কে যান চলাচল নিশ্চিতে ও টিকিট কালোবাজারি রোধে সেনাবাহিনী বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানানো হয়।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।










