ভাতিজিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় রংপুরে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী, ফরিদপুর, নরসিংদী ও বগুড়ায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রংপুর: কাউনিয়ায় বাসচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আশরাফুল মিয়ার স্ত্রী মোছা. রুবিনা বেগম (৩২), ছেলে রহমত আলী (২) ও ভাতিজি মোছা. আফসানা আক্তার স্নেহা (১৭)। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আশরাফুল মিয়া ভাতিজিকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সঙ্গে স্ত্রী ও দুই সন্তানও ছিল। তারা সবাই মোটরসাইকেলে যাচ্ছিলেন। মহেশা গ্রামের জুম্মারপাড় এলাকায় একটি মাহিন্দ্রা হঠাৎ ব্রেক করলে আশরাফুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মাহিন্দ্রায় ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আশরাফুলের স্ত্রী, সন্তান ও ভাতিজি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান।
ঢাকা: রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাবাড়ি এলাকায় বাসের ধাক্কায় দুলাল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক রফিকুল ইসলাম ভূঁইয়া। নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জের নিকলী থানা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকায় থাকতেন।
ফরিদপুর: মধুখালীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্লা রায় মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। তিনি চিকিৎসার জন্য আড়পাড়া থেকে ফরিদপুর যাচ্ছিলেন।
নরসিংদী: জেলার মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রলির এক শ্রমিক। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া (৩৩) উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।
বগুড়া: সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিল আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার উত্তর সাতশিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।










