নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় পুরুষদের মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নারীদের বিরুদ্ধে অপপ্রচার ও নির্যাতন শক্ত হাতে দমন করছি।
তিনি গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ডেইলি স্টার সেন্টারে সিস্টারি লাইব্রেরি, হার স্টোরি ফাউন্ডেশন এবং ডেইলি স্টার বুকস এর সহযোগিতায় আয়োজিত ‘অ্যাটেন্ড ক্যাটফিশ অ্যান্ড অ্যাভাটারস ডিসকাশন ইভেন্ট’ নামক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এক শ্রেণির ধর্মালম্বীরা ওয়াজের মাধ্যমে পোশাক নিয়ে মেয়েদের বিরুদ্ধে সমাজের মানুষের কাছে বছরে পর বছর অপপ্রচার করে আসছে, যার নিয়ন্ত্রণ নেই। শুধু তাই নয় নানাভাবে এদেশের নারীরা নানাভাবে নির্যাতনেরও শিকার হয়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা শক্ত হাতে তা দমন করছি।
তিনি আরো বলেন, অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগের বিবর্তনের ফলে আজ সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার টেকনোলজির ফলে সাইবার ক্রাইম এর মাধ্যমে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা লেখাপড়ার প্রতি অমনোযোগী হচ্ছে। তিনি বলেন, বাচ্চাদের স্বাধীনভাবে গড়ে তুলতে হলে এডুকেশনের মাধ্যমে, ধর্মের নৈতিকতার মাধ্যমে ব্যবহার শেখাতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি স্টারের ডিএস বুকস অ্যান্ড লিটারেচার সম্পাদক নাজিয়া মঞ্জুর। অনুষ্ঠানে গথে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ওয়ার্নার বাকস্বাধীনতার জন্য নিরাপদ স্থান নিশ্চিতে তাদের কৌশল এবং নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় পুরুষদের মানসিকতা পরিবর্তনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
হার স্টোরি ফাউন্ডেশনের কিউরেটর ক্যাটেরিনা ডন এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী বিদ্যমান আইন এবং তাদের সীমাবদ্ধতাগুলো অন্বেষণ করার পাশাপাশি বেশ কিছু সুপারিশ প্রদান করেন যা সমাধানের দিকে গভীর কথোপকথনের ক্ষেত্র প্রস্তুত করবে।










