বর্তমান সরকারের মন্ত্রিসভার সব সদস্য অথর্ব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গতকাল বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মসিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকারের মন্ত্রিসভার সব সদস্য অথর্ব, আর লুটপাটে ব্যস্ত। স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভঙ্গুর করে দিয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। পাটকল বন্ধের মাধ্যমে পাটমন্ত্রী গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে জাতীয় পার্টির বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জয়ী হতে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জিএম কাদের এমপি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসন আমল ছিল ইতিহাসে সোনালি অধ্যায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বল্প দিনের শাসনকালে তিনি যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর দেশের উন্নয়নে তেমন সময় পাননি। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বাংলাকে আইন করে দাপ্তরিক ভাষা করা, সরকারি কর্মচারীদের ঈদ বোনাস, পবিত্র জুমার দিনে সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলা ও উপজেলা পরিষদ গঠন, স্বাস্থ্যবিধি প্রণয়নসহ শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তাই এরশাদের বসবাস ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের অন্তরে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলা সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মাহমুদুল আলম, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।