রাজধানীর গুলশানে 'ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড' প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে সৌমেন সাহা নামের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সঙ্গে ব্যবসায়িক কারণে পরিচয় হয় অভিযুক্ত সৌমেন সাহা। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে বিপ্লবের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বিপ্লবকে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। পরে ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।










