রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনু মুহম্মদের সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি খন্দকার আশরাফুল মুনিম তার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের সবগুলো আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে। দুর্ঘটনায় আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে।

ফুলবাড়িয়া কয়লাখনি বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণসভা শেষে খুলনা থেকে ট্রেনে করে আজ ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁও রেলগেট এলাকায় নামার সময় পা পিছলে রেললাইনে পড়ে যান। সে সময়ই তার পায়ের আঙুল কাটা পড়ে।