প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। শনিবার (৪ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ব্যবসায়ীরা জ্বালানি সংকটের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার বিষয়টি তুলে ধরেন। তারা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা চান।

তিনি আরো জানান, বিদেশী বিনিয়োগকারীরা যেন বিমানবন্দরের ঝামেলা ছাড়াই সহজে দেশে আসতে পারেন, সে বিষয়েও দাবি তোলা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো নোট করেন। তিনি জানান, অনেক সমস্যার সমাধান হয়েছে এবং কিছু বিষয় এখনো বাকি রয়েছে। আলোচনা করে সব সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসায়ীরা মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার কথা বলেন। পাশাপাশি আমদানি-রফতানি ও বাণিজ্য কার্যক্রম দ্রুত করতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানান।

অর্থমন্ত্রী জানান, ব্যাংক ঋণের সুদহার কমানো, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর বিষয়েও জোর দিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে, শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ৯ ব্যবসায়ীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়। সে বৈঠকেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।