জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতির জেরে গতকাল দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

সালমানের স্টুডিওটি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় অবস্থিত।

প্রত্যাক্ষদর্শীর বর্ণনায় জানা যাচ্ছে, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল।

হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বণিক বার্তাকে তিনি বলেন, ইসিবি চত্ত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমনকি সেখানে গোলাগুলিও হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এসময় ঘটনাস্থল থেকে ছুরিসহ দুজনকে আটক করেছে এবং বর্তমানে সেখানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে হামলার বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তায় দিয়েছেন সালমান মুক্তাদির। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।