নারায়ণগঞ্জের বন্দরে ডকইয়ার্ডে নির্মিত একটি জাহাজ পানিতে নামানোর সময় হুইলওয়্যারের তার ছিঁড়ে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মীরকুণ্ডি বিবিজোড়া এলাকার স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহত শ্রমিকরা হলেন মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে ইয়া রাসুল (২৩) ও একই এলাকার রাসেল (৩২)। তবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের ডকইয়ার্ডে নির্মাণ শেষে একটি জাহাজ নদীতে ভাসানোর সময় স্লিপওয়েব বালিতে আটকে যায়। শ্রমিক রাসেল, ইয়া রাসুলসহ ছয় শ্রমিক বালি অপসারণের জন্য জাহাজের নিচে যান। এ সময় হুইলওয়্যারের তার ছিঁড়ে গেলে জাহাজটি বালিতেই বসে যায় এবং রাসেল, ইয়া রাসুলসহ ছয় শ্রমিক জাহাজের নিচে চাপা পড়েন। তাদের মধ্যে স্থানীয়রা চার শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। তবে ইয়া রাসুল ও রাসেল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিকদের পাওয়া যায়নি। অবশেষে গতকাল দুপুরে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান,

ব্রহ্মপুত্র নদের তীরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ডকইয়ার্ডে নির্মাণ শেষে একটি জাহাজ পানিতে ভাসানোর সময় দুই শ্রমিক নিখোঁজ হন। স্থানীয়দের দাবি, ওই দুই শ্রমিক জাহাজের নিচে চাপা পড়েন। গত বৃহস্পতিবার রাত থেকে তাদের উদ্ধারে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। অবশেষে গতকাল দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দুই শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডকইয়ার্ডে নির্মাণ শেষে নদীতে জাহাজ নামানোর সময় দুই শ্রমিক চাপা পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। কিন্তু জাহাজটি না সরানো পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গতকাল দুপুরে জাহাজটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।