মোংলা সমুদ্রবন্দরের পশুর নদীর চরে আটকে পড়েছে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ। ডেক ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর চরকানা এলাকায় এমভি জুমায়রা-১ নামের জাহাজটি আটকে যায়।

জাহাজে ১২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জাহাজের মাস্টার ফারুক গাজী জানিয়েছেন, তারা সবাই নিরাপদে আছেন। ডেক ফেটে গেলেও জাহাজের ভেতরে পানি ঢোকেনি।

মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজ এমভি পিথাগোরাস থেকে ৮০০ মেট্টিক টন কয়লাবোঝাই করে সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে আসে।

ফারুক গাজী বলেন, পশুর নদীর চরকানা এলাকায় ডুবে চরে ধাক্কা লেগে আমাদের জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। তখন জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেয়া হয়। যার ফলে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। জাহাজ চরে আটকা থাকলেও ভেতরে পানি প্রবেশ করেনি।

জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে উল্লেখ করে জানান, ক্রেন এনে কয়লা অপসারণ করে এমভি জুমায়রা-১ নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, জাহাজ আটকে থাকার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।