বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন একই গ্রামের কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (২৫)।
স্থানীয়রা জানায়, গতকাল সকাল ১০টার দিকে কাশেম হাওলাদার তার ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের টিবিসি ইটভাটা সংলগ্ন মাঠে যান। এ সময় ছাগল তার হাত থেকে ছুটে যায়। ছাগল ধরতে গিয়ে ইটভাটার একটি বৈদ্যুতিক কেবলে (তার) তার হাতের স্পর্শ হয়। এ সময় তার চিত্কার শুনে দুই ছেলে মোক্তার ও মনির হাওলাদার তাকে উদ্ধার করতে যায়। বাবাকে বাঁচাতে গিয়ে তারা দুই ভাই বিদ্যুত্স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মনিরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা আরো জানায়, টিবিসি ইটভাটায় সাইডলাইনের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। গত দুই মাস ধরে ইটভাটা বন্ধ থাকলেও সংযোগ চালু ছিল। সংযোগ কেবলটি মাঠে ঝুলে ছিল। ইটভাটা মালিকের গাফিলতির জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, দুর্ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশের এ কর্মকর্তা।










