রাজশাহী নগরীতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছাড়াল ২০ হাজার। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ১৪৩ জনের দেহে। এ নিয়ে শুধু নগরীতেই করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৫৫৫। গতকাল সকালে রাজশাহীর সিভিল সার্জন দপ্তর এ তথ্য জানিয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় নগরী কিংবা জেলার নয় উপজেলায় করোনায় প্রাণহানির তথ্য নেই। এ পর্যন্ত রাজশাহীজুড়ে ২৫৫ জন প্রাণ হারিয়েছে করোনায়। এর মধ্যে ১৫১ জন রাজশাহী নগরীর বাসিন্দা।

এর আগে রাজশাহী নগরীতে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ১৫ মে। আর জেলায় করোনা শনাক্ত হয় এর প্রায় মাসখানেক আগে ১২ এপ্রিল। বর্তমানে রাজশাহীজুড়ে করোনার ভারতীয় ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

মাসখানেক আগে গত ৬ জুলাই নগরীতে করোনা সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে যায়। এ এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যাও দাঁড়ায় প্রায় দ্বিগুণ।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, এ পর্যন্ত জেলায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৭৮ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৫ হাজার ৫২৭ জনের। রাজশাহী নগরীতে ১ লাখ ১২ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৫৫ জনের।

একদিনে নগরীর ও জেলার নয় উপজেলা মিলে নমুনা পরীক্ষা হয়েছে ৭৭৩ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৪৩ জনের। করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। এদিন নগরীতে ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১৩১ জনের।

সিভিল সার্জন দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, রাজশাহী নগরীর ৭ হাজার ৮৪৪ জন আইসোলেশনে রয়েছে। এর বাইরেও জ্বর-সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে অনেকেই।

সিভিল সার্জন দপ্তরের হিসাবে গ্রামাঞ্চলে সংক্রমণের হার কম। তাদের হিসাবে জেলার নয় উপজেলায় করোনা নিয়ে বর্তমানে আইসোলেশনে ১ হাজার ১০১ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে জেলার আরো ২৮ জন। নগরীতে কেউ প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেই।

এ পর্যন্ত সুস্থ হয়েছে কেবল নগরীর ১২ হাজার ৬১৫ জন। আর জেলার নয় উপজেলায় এ সংখ্যা ৩ হাজার ৭২০ জন।