নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার বৈঠক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার সম্পর্কের ক্রমবর্ধমান গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং সাউথ-সাউথ কো-অপারেশনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন দুই পক্ষ। পাশাপাশি নতুন ও উদীয়মান খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ব্রাজিলের জনগণের মধ্যে যোগাযোগ এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরো গভীর করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।