সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এই দাম না বাড়ালে বাজারে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হতো। তিনি জানান, আমদানির বাজারে সংকট এবং কিছু ব্যবসায়ীর দেশত্যাগের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে প্রতিবেদনের জন্য ১০ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তেল এবং চিনি আমদানির বাজারে মুষ্টিমেয় কয়েকজন কাজ করেন। তাদের মধ্যে অন্যতম বড় আমদানিকারক দেশ থেকে পালিয়ে গেছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা বাজারে এখনো পুরোপুরি টের পাওয়া যায়নি।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে টিসিবির মোট ১৬টি কার্যালয় রয়েছে। চালক, কর্মকর্তা-কর্মচারী মিলে এখানে মাত্র ১৪২ জন কাজ করেন। অথচ এর জন্য বাজেট মাত্র সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর।

তিনি টিসিবির কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে বলেন, ১ কোটি কার্ডধারীর জন্য যেভাবে অনিয়ম করা হয়েছে, তা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।