ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর রজতজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ উৎসব উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সংগঠনের কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবেন।
কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।










