সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দগ্ধ হন মোহাম্মদ কায়সার (২৮) ও তার স্ত্রী রুবি আক্তার (২৪)। তাদের উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

কায়সারের বাবা মোহাম্মদ সিমান শেখ জানান, রাতে নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই হঠাৎ পুরো কক্ষে জমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে কায়সার ও রুবি দগ্ধ হন।

তিনি আরো জানান, ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনের পাইপে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। বিষয়টি বারবার বাড়ির মালিককে জানানো হলেও সেটি মেরামত করা হয়নি। ঘরে গ্যাস জমে থাকার কারণেই আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

দগ্ধ কায়সার ও রুবির বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতব্বরপাড়া গ্রামে। তারা দুজনই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরের শতভাগ এবং রুবির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।