চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একমাত্র জয়হীন দল দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দলটি। পয়েন্ট টেবিলেরও তলানিতে তারা। এ দলেরই সদস্য বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ভালো করেননি তিনি। তার দল আজ মুখোমুখি হবে লিটন দাসের কলকাতা নাইট রাইডার্সের। লিটন এখনো কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। কলকাতা পাঁচ ম্যাচ খেলে দুটি জিতেছে, হার তিনটি। দুই দলই আজ জিততে মরিয়া হয়ে খেলবে। 

দিল্লি সর্বশেষ ১৫ এপ্রিল হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। 

মুস্তাফিজ দুই ম্যাচে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। ১১ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে ৩৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট, সেই ম্যাচে হেরেছে তার দল। ১৫ এপ্রিল পরের ম্যাচে তিন ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আজ তার বাদ পড়ার সম্ভাবনা বেশি। 

এদিকে কলকাতার সূচনা হয় হার দিয়ে। প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে তারা। এরপর বেঙ্গালুরু ও গুজরাটের বিপক্ষে টানা জয়। এর মধ্যে ৯ এপ্রিল গুজরাটের বিপক্ষে শেষ ৫ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন রিংপু সিং। যদিও পরের দুই ম্যাচে যথাক্রমে সানরাইজার্স ও মুম্বাইয়ের কাছে আবারো হারের স্বাদ পেয়েছে দলটি। ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরির পরও জেতেনি কলকাতা। 

আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ প্রথম তিন ম্যাচে (২২, ৫৭, ১৫) মোটামুটি ভালো করলেও পরের দুই ম্যাচে করেছেন যথাক্রমে শূন্য ও ৮ রান। তার জায়গায় লিটনের খেলার জোর সম্ভাবনা রয়েছে আজ।