নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ও মৌচাক এলাকার পাঁচটি মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০০ ফুট অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়। গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার দায়ে আলম মিয়ার একটি, জাহাঙ্গীর হোসেনের দুটি, পারভেজ মিয়ার একটি ও আনোয়ার হোসেনের একটিসহ মোট পাঁচটি মশার কয়েল তৈরি কারখানার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিঅ্যান্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, ব্যবস্থাপক গোলাম মোস্তফা, উপব্যবস্থাপক আল মামুন, উপব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, নাজমুল ইসলাম, মানিক মিয়া, সহকারী প্রকৌশলী সাদেক প্রমুখ।

তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম জানান, গতকাল দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মশার কয়েল তৈরির পাঁচটি কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি কারখানা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০০ ফুট অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়।