নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার নয়নাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নয়নাবাদ এলাকায় রফিক ও ছালামের মধ্যে গরুর ঘাস কাটা নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মোরশেদ ভূঁইয়া, নোয়াব মিয়া, কামরুল ভূঁইয়া, আ. ছালাম, সফিউদ্দিন, মেহেরুন, আক্তার হোসেন, আবুল হোসেন, বিল্লাল, রফিকুল, তানভীর, হামিদা বেগম ও জামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আক্তার হোসেন জানান, নয়নাবাদ এলাকার আজিজুলের একটি জমি বন্ধক নেন আব্দুস ছালাম। ওই জমিতে গরুর জন্য ঘাস চাষ করা হয়। গত রোববার বিকালে ঘাস কাটতে গেলে পাশের জমির মালিক বিল্লালের সঙ্গে ছালামের কথাকাটাকাটি হয়। এরই জেরে রাতে তেঁতুইতলা এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে।
প্রতিপক্ষ আহত বিল্লাল হোসেন জানান, ছালাম দলবল নিয়ে তার পরিবারের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।










