পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের ক্ষমতায়ন হওয়া প্রয়োজন। আর সে ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আপনারা নির্বাচিত হয়েছেন মানুষের কল্যাণের জন্য। পার্বত্য অঞ্চলের উন্নয়ন কীভাবে হবে, কোথায় কীভাবে কাজ করলে সমাজের উন্নতি হবে, সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ রক্ষা, পানির সমস্যা সমাধান এবং জীবিকা উন্নয়নের মতো বড় চ্যালেঞ্জগুলো আপনাদের গ্রহণ করতে হবে।

উপদেষ্টা বলেন, তিন দিনের এ প্রশিক্ষণ থেকে পার্বত্য তিন জেলার চেয়ারম্যান ও সদস্যরা সরকারের হস্তান্তরিত দায়িত্ব, বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন এবং পরিষদ ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি টিআর (টেস্ট রিলিফ), জিআর (গ্রাটুইটাস রিলিফ) বিতরণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা এবং তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যানরা।

প্রশিক্ষণের প্রথম দিনে জেলা পরিষদের আইন, বিধি ও প্রবিধান বিষয়ক প্রজেকশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের সচিব শামিমুল হক ছিদ্দিকী। তিনি নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলে শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা স্থানীয় জনগণের জীবনমান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।