তুলা ও তৈরি পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার উপর আলোকপাত করে ঢাকায় কটন ডে উদযাপন করেছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নবম বারের মতো আয়োজিত এ অনুষ্ঠান ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) এবং কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) সহযোগিতায় তুলা শিল্পের বিভিন্ন অংশীদাররা অংশ নেন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহ চেইন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেন, আমেরিকার তুলা চাষীরা উন্নত কৃষি প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতিতে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করেন। টেকসই চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এই তুলা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের প্রথম পছন্দ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইউ.এস. কটন ট্রাস্ট প্রোটোকল। যুক্তরাষ্ট্রের তুলা শিল্পের ডিজাইন করা এই কর্মসূচি ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য সঠিক তথ্য ও টেকসইভাবে উৎপাদিত তুলা সরবরাহ করে। ইউএস কটন ট্রাস্ট প্রোটোকলে এখন বাংলাদেশের ২০০+ সরবরাহকারী সদস্য এবং ৩০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা রয়েছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের উপরও জোর দেন।
অনুষ্ঠানে টেকসই চর্চার প্রচার, পোশাকশিল্পে সহযোগিতা এবং মতবিনিময়ে তুলা স্পিনিং মিল, তৈরি পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










