সম্প্রতি দেশে নারী ও কন্যিাশিশুদের সঙ্গে ঘটে যাওয়া নানান অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশনে। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সাম্প্রতিক মাসগুলোতে মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষার ভয়াবহ অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে ঢাকায় ১৩ বছর বয়সী এক মেয়ের নৃশংস দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে এমজেএফ মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সম্প্রতি মেয়েদের প্রতি যৌন হয়রানি ও সহিংসতার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনা নিয়মিতভাবে সংবাদ প্রতিবেদনে আসছে, প্রায়ই অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে। ভয়ে অনেক মেয়ে নীরবে নির্যাতন সহ্য করে, কারণ তাদের কষ্ট প্রকাশ করার কোনো নিরাপদ স্থান নেই।

শাহীন আনাম আরো যোগ করেছেন, আমরা আরেকটি মেয়েকেও এমন নৃশংসতা ও বর্বরতার শিকার হতে দিতে পারি না। শুধু প্রতিশ্রুতির সময় শেষ। আমাদের শিশুদের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি আমরা।

এমজেএফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জরুরি ভিত্তিতে নারী ও শিশুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।