যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্যটি জানানো হয়েছে।
এ দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হন। এটি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য নতুন ৭৩ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সর্ববৃহৎ সহায়তাকারী দেশ। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে ও জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে জুলাই মাসের গণআন্দোলনে নেতৃত্ব দেয়া নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।










