ঈদ সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাঙ্গামাটির বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পরিদর্শনের সময় তিনি বলেন, কৃত্রিমভাবে জ্বালানির সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে গিয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত তদারকি চলছে।
মন্ত্রী আরো বলেন, বর্তমানে কোথাও জ্বালানির ঘাটতি নেই। কেউ ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে দ্রুত সহায়তা নম্বর ১৬১০৭ অথবা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
যাত্রীসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, র্যাব নিয়ন্ত্রণ কক্ষ ও নজরদারি দল সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে যাত্রীদের অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠন একসঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। পাম্প মালিকদের উদ্দেশে তিনি বলেন, অতিরিক্ত লাভের জন্য সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিব রবীন্দ্র চাকমা এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










