অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন নারী এককের শীর্ষ বাছাই ও অন্যতম শিরোপাপ্রত্যাশী ইগা সিয়ানতেক। গতকাল স্পেনের কোয়ালিফায়ার ক্রিস্টিনা বুকসাকে ৬-০, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন তিনি। মার্গারেট কোর্ট অ্যারেনায় মাত্র ৫৫ মিনিটেই প্রতিপক্ষকে উড়িয়ে দেন পোলিশ সুপারস্টার। পরের রাউন্ডে তিনি মুখোমুখি হবেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবারিকোভার।

জয় শেষে ২১ বছর বয়সী সিয়ানতেক বলেন, ‘প্রথম দিনের চেয়ে এখন প্রতিদিনই আমি বেশি আত্মবিশ্বাসী। আমি এখানে ম্যাচের কথা বলতে আসি না, আমি অনুশীলনের কথা বলি। আমি মনে করি, যথেষ্ট পরিশ্রম করার কারণেই আমি আত্মবিশ্বাসী এবং ম্যাচে অনেকটা নির্ভার থাকতে পারি। কাজটি ভালোভাবে ও খুব সহজে করতে পেরে আমি আনন্দিত।’

তবে পরের রাউন্ডে কাজটি সহজ নাও হতে পারে সিয়ানতেকের। তার সামনে এবার লড়াকু খেলোয়াড় রিবারিকোভা, যিনি কাল ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারান মেলবোর্নে গতবারের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে। এ নিয়ে সিয়ানতেক বলেন, ‘আমরা একে অন্যকে খুব ভালোভাবে চিনি। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ নয় যে কার বিপক্ষে খেলছি। আমি বরং নিজের খেলার ওপরই মনোযোগ দিতে চাই।’

তৃতীয় বাছাই খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা কাল দ্রুততম সময়ে জয় তুলে নেন। তিনি মাত্র ৬৫ মিনিটে ৬-০, ৬-২ গেমে হারান মার্তা কস্তিউককে। পরের রাউন্ডে পেগুলা খেলবেন ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বারবোবার ক্রেজিকোভার বিপক্ষে। গতকাল আরেক ম্যাচে স্বদেশী বার্নার্দা পেরাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন যুক্তরাষ্ট্রের কোকো গাফ। ১৮ বছর বয়সী তারকার সামনে এবার ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কো।