প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটে ছাত্র-জনতার। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বেরিয়ে এসে যে অভিনব প্রতিরোধ এবং প্রতিবাদের আবহ তৈরি করেছিল, তা ভুলে যাওয়ার নয়। এটি সব সময় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো।

ফ্যাসিস্ট পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং নির্ভয়ে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকারের জন্য বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর ধরে লড়াই চলেছিল। সেই প্রেক্ষাপটেই একটি আন্দোলনের পটভূমি তৈরি হয়। যেটির ওপর দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী, জনতা ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের গণজাগরণ আমরা দেখতে পেয়েছি।

রিজভী উল্লেখ করেন, জুলাইয় আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ই আগস্ট, অবসান হয় স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের। গত বছর বিএনপি এ দিনটিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছিল। এবারও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং সরকারসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

গতকালকের হবিগঞ্জের ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাক। রাজনৈতিক দল মত প্রকাশ করবে—সেটা করুক, কিন্তু এটাও মনে রাখতে হবে মত প্রকাশেরও তো একটা সভ্য মান থাকা উচিত।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল-সহ আরো অনেকে।