বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এসময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালে ১১ টি জুটমিল রয়েছে। জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রফতানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে। বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানিতে অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাট পণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রফতানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রফতানি করতে চায়।
তিনি আরো বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে। সেইসঙ্গে উভয় দেশই লাভবান হবে।










