রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশ লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে লিমনকে রাজপাড়া থানায় নেয়া হয়।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেরখাদিয়া এলাকায় মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের ছেলে তৌসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করে এবং জজের স্ত্রীকে আহত করে লিমন।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। নোটিশে তাকে ১৯ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে।










