দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও আরএমজি ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে শিল্পের বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে যৌথ উদ্যোগ নেয়ার বিষয়ে একমত হয়েছে সংগঠন দুটি।
আজ বুধবার ঢাকার অ্যাম্বার গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় আরএমজি ক্লাবের সভাপতি রেজাউল আলম মিরু এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে দুই সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।
গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, শিল্পে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ সম্প্রসারণ, গবেষণা এবং জ্ঞান বিনিময়ের মতো বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া বস্ত্র শিল্প উদ্যোক্তা ও তৈরি পোশাক রফতানিকারকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পবান্ধব নীতিগত পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সমন্বয় আরো জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পসংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ দেশের প্রধান রফতানিমুখী শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠক শেষে দুই সংগঠন নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে।










