সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের সংসদীয় আসনের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ একটি পরিবার। সবাইকে নিয়ে সীমিত সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রম শুরু হয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, যতটুকু সক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করা হবে।

তিনি বৃষ্টির মধ্যেও মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক নানা সমস্যার মুখোমুখি হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকার এবং তাদের দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন। ঢাকা-৯ পরিবারের পক্ষ থেকেও মানুষের পাশে থাকা হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।