নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল
এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব
জামিলের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের জায়গা দখল করে গড়ে তোলা বাংলাদেশ সমবায়
সমিতির চারটি সেমিপাকা গোডাউনসহ ১০টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া নদীর এক
একর জমি ওই প্রতিষ্ঠানটির দখল থেকে অবমুক্ত করা হয়। একই সঙ্গে জব্দকৃত মালপত্র ৯৭
হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এর আগে সকালে বাংলাদেশ সমবায় সমিতি
নারায়ণগঞ্জের চেয়ারম্যান মাসুদা বেগম তার লোকজন ও শ্রমিকদের নিয়ে উচ্ছেদ অভিযানে
বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি
শান্ত হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক
মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল
জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সিএস জরিপ মোতাবেক উচ্ছেদ অভিযানটি
পরিচালিত হচ্ছে। নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।










