জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে ত্রুটির কারণে টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর সার্ভার সচল হয়েছে। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম শুরু হওয়ায় বিভিন্ন পণ্য খালাস করেছেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার রাত ৮টার পর সার্ভারের ত্রুটি কেটে গেলে হিলি কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট শুরু হয়। এর আগে ওইদিন সকাল থেকে হিলি স্থল শুল্ক স্টেশনের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় কাস্টমসে আমদানি-রফতানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম বন্ধ ছিল।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় বুধবার সকাল থেকে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করা যায়নি। শুধু যে হিলি স্থলবন্দরে এমন হয়েছে তা নয়, বুড়িমারী, বেনাপোল, বাংলাবান্ধা সব বন্দরেই একই সমস্যা দেখা দিয়েছিল। এজন্য যেসব পণ্য আমদানি হয়েছিল সেগুলো ছাড় দিতে পারছিলাম না। পরে রাত ৮টার দিকে সার্ভারের ত্রুটি কেটে গেলে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম শুরু হয়। ফলে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ শুল্কায়ণ শেষ করে দ্রুত পণ্য ছাড় দেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত আমরা কাজ করে যতগুলো পণ্য আটকা ছিল সেগুলো ছাড় দিয়েছি। আমদানিকারকরা তাদের আমদানিকৃত পণ্য খালাস করে নিয়েছেন।










