আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র হিসেবে মরক্কোর অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মরক্কো। বিশেষ করে টেক্সটাইল, ওষুধশিল্প ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও সহযোগিতার প্রস্তাব দিয়েছে দেশটি।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কুলালি এ আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি কৌশলগত কেন্দ্র। এ অবস্থানকে কাজে লাগিয়ে টেক্সটাইল, ওষুধশিল্প ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে তোলার সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক অর্থনীতি, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।










