নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকাল দুুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ফতুল্লা নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে শাহজাহান ওরফে সাজু, কবির হোসেন ও কাউসার মিয়া। রায় ঘোষণাকালে আসামি শাহজাহান ওরফে সাজু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যারিকেড দিয়ে চালভর্তি একটি ট্রাক ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চালভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে। ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন রাজ্জাক মিয়া ও মো. লসকর আলী।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ জানান, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণাকালে এক আসামি উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।