বিরোধী দলের নেতাকর্মীদের
মিথ্যা মামলায় কারান্তরীণ করার নির্মম খেলায় সরকার মেতেছে বলেছে মন্তব্য করেছেন বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য
করেন। নেতাকর্মীদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে
বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেন, ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপি এবং
এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায়
সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে
উঠেছে সরকার। আর সেটিরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর
ও কারাগারে প্রেরণের ঘটনা ঘটছে। এ ধরণের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত
হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন—সংগ্রামে
আরো বেশি বলীয়ান হয়ে উঠেছে।
জামিন না মঞ্জুর হওয়ার ঘটনায়
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী
নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হচ্ছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। পাশাপাশি নেতাদের
বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর
দাবি জানাচ্ছি।










