বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক। আজ মঙ্গলবার দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুই পক্ষের আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। সেইসঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। বিপরীতে রাষ্ট্রদূত সারাহ কুক বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়া তাদের আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টি উঠে আসে। পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও দেশটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।










