রাজধানীর কাঁটাবন এলাকায় আল বারাকা টাওয়ারে আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, আব্দুস সালাম (২০) ও জনি (২৪)। তাদের মধ্যে আব্দুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের এবং জনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে একজনকে ঢাকা মেডিকেলে ও অপরজনকে জাতীয় বার্নে নিয়ে গেলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুলও সরোয়ার  জানান, রাত ২টার দিকে নিউমার্কেটে আল বারাকা টাওয়ারের ১০ তলা ও ১১তলা হঠাৎ করে আগুন ধরে ধোঁয়ায় গুরুতর আহত হয়।পরে আব্দুস সালামকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও জাতীয় বার্নে জরুরি বিভাগে জনিকে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।