রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তার দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেন।

আজ বিকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানাবেন।

এর আগে, বৈঠকে যোগ দিতে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট সোমবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করে কূটনৈতিক সূত্র।

রাতে ঢাকা ত্যাগ করার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।