ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর অংশ হিসেবে গতকাল বরিশাল নদীবন্দরে চারটি লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চাঁদপুর ও বরিশাল টার্মিনালে এসে ফিরে গেছেন যাত্রীরা। অনেকে লঞ্চ ছাড়ার অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়া হয়নি।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য বাংলা ট্রিবিউনকে, বিকাল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ এ নির্দেশনা দিয়েছে।’
বাবু লাল বৈদ্য আরো বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের সতর্কবার্তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য চাঁদপুর থেকে কোনো লঞ্চ ছাড়া হয়নি।’
এদিকে যেসব লঞ্চ ও নৌযান যাত্রাপথে রয়েছে তাদের অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। একই কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী।
এর আগে গতকাল সন্ধ্যায় বিআইডব্লিউটিএর উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’










