জাতীয় পরিচয়পত্র সংশোধনে এখন থেকে উপজেলা অফিসের পাশাপাশি আঞ্চলিক নির্বাচন অফিসেও বায়োমেট্রিক যাচাই করা যাবে। এতে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং শিগগিরই মাঠপর্যায়ে তা কার্যকর করা হবে। এ উদ্যোগের ফলে আঙুলের ছাপ যাচাইয়ের জন্য আলাদা করে অন্য অফিসে যেতে হবে না।
বর্তমানে জাতীয় পরিচয়পত্রে নাম বা পিতা-মাতার নাম বড় ধরনের পরিবর্তনের জন্য নাগরিকদের আঞ্চলিক অফিসে যেতে হয়। তবে সেখানে বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা না থাকায় আবেদনকারীদের আবার উপজেলা অফিস বা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হতো। এতে সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিও বাড়ত।
এ সমস্যা কমাতে আঞ্চলিক কার্যালয়েও আঙুলের ছাপ যাচাইয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগে এ সুবিধা না থাকায় অনেক আবেদন ঝুলে থাকত।
সূত্র জানায়, আঞ্চলিক পর্যায়ে বায়োমেট্রিক প্রযুক্তি চালুর বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়নের কাজ শুরু হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।










