বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) অন্তর্ভুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়টির উদ্যোক্তা স্বাস্থ্য সেবা বিভাগ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেয়া প্রয়োজন।
বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’- এর খসড়া উপস্থাপন করা হয়। তারপরও খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর উদ্যোক্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এদিকে এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় দলসহ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ভবিষ্যতে আরো ভালো ফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে বলে বৈঠকে প্রত্যাশা ব্যক্ত করা হয়।










