গণঅভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী, শিশুসহ সমাজের সকল শ্রেণীপেশার নারীর ওপর সহিংস সংঘবদ্ধ আক্রমণ ও বিভিন্ন স্থানে নারীকে ক্রমাগত হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার (৯ মার্চ) এনএসইউ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যে সাধারণ মৌলিক অধিকারের জন্য আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি, তার বাস্তবায়ন দেখতে চাই। লিঙ্গ, ধর্মভেদে প্রতিটি নাগরিক যেন নিরাপদ থাকে ও স্বাধীন মত প্রকাশ করতে পারে, এমন এক পথ আর প্রক্রিয়ার দিকে আমাদের যাওয়ার কথা ছিল যা গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার রাজনীতিকে শক্তিশালী করবে। কিন্তু আমরা দেখছি সমাজে-রাষ্ট্রে যা ঘটছে, যা চলছে, তা জুলাই অভ্যুত্থানের রাজনীতিকে দুর্বল করছে। আমরা এ জনগোষ্ঠীর লড়াইকে এভাবে হারতে দিতে পারি না।

তারা আরো বলেন, আন্দোলনে নারীর ভূমিকা থাকবে, কিন্তু আন্দোলন শেষে তাকে ক্ষমতাহীন করার রাজনীতি চলতে দিতে পারি না। ফলে জুলাইয়ের মতো আমাদের সকল অধিকারের প্রশ্নে জাগ্রত থাকতে হবে। আর সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সুশাসন দৃশ্যমান। রাষ্ট্র-সরকার-সমাজ কোথাও আমরা কর্তৃত্ববাদ দেখতে চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না।

সমাবেশ থেকে গত ৫ মাসে ঘটে যাওয়া সহিংস সংঘবদ্ধ আক্রমণের বিচার দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারকে দ্রুত একটা ভয়হীন স্বাধীন নিরাপদ মর্যাদার পরিবেশ তৈরি করার তাগিদ দেন তারা।