বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক প্রস্তাব আহ্বানের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) প্রস্তাবনা প্রণয়ন বিষয়ে একটি নির্দেশনামূলক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ইউজিসির এইচইএটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এনএসইউ’র এনএসি ভবনে আয়োজিত এ কর্মশালার উদ্দেশ্য ছিল ইউজিসিতে প্রস্তাব জমাদানের শেষ সময়সীমা ২২ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে যোগ্য শিক্ষকদের নীতিমালা-সম্মত, মানসম্মত ও প্রতিযোগিতামূলক প্রস্তাবনা প্রস্তুতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ খান।
ইউজিসির এইচইএটি প্রকল্পের রিসার্চ কো-অর্ডিনেটর স্পেশালিস্ট অধ্যাপক ড. মনিনূর রশীদ কর্মশালাটি পরিচালনা করেন। তিনি একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় প্রস্তাবনা প্রণয়নের ধাপ, প্রয়োজনীয় দলিলপত্র, সম্মতি (কমপ্লায়েন্স) সংক্রান্ত নির্দেশনা, জমাদান পদ্ধতি এবং করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা কারিগরি ও প্রক্রিয়াগত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান।
এটিএফ উদ্যোগের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে প্রতিযোগিতামূলক ভিত্তিতে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি অনুদান প্রদান করা হবে।
শিক্ষকদের আরো কার্যকর সহায়তার জন্য আইকিউএসি মধ্য ফেব্রুয়ারিতে একটি গ্র্যান্ট রাইটিং রিট্রিট আয়োজনের পরিকল্পনার কথা জানায়। এতে চূড়ান্ত জমাদানের আগে সহকর্মীদের সঙ্গে পরামর্শ ও মতামত বিনিময়ের সুযোগ থাকবে।-বিজ্ঞপ্তি















