নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয় পাঁচটি ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এনএসইউ ও তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের একটি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এর মধ্যে চারটি পিএইচডি ও একটি মাস্টার্স স্কলারশিপ।
তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ভাইস ডিন অধ্যাপক সান পেইঝে, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন-এর ভাইস ডিন লিউ ওয়েনওয়ে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর চেন ইউ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
এ সময় উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, আবাসন সুবিধা, পূর্ণাঙ্গ চিকিৎসা বীমা ও মাসিক জীবনযাপন ভাতা অন্তর্ভুক্ত থাকবে। পিএইচডি শিক্ষার্থীরা মাসিক ৩ হাজার ৫০০ চীনা ইউয়ান ও মাস্টার্স শিক্ষার্থীরা মাসিক ২ হাজার ৫০০ চীনা ইউয়ান ভাতা পাবেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ডিগ্রি প্রোগ্রামের সম্পূর্ণ মেয়াদজুড়েই এ স্কলারশিপ কার্যকর থাকবে।
-বিজ্ঞপ্তি















