গান, আবৃত্তি, নৃত্য ও ঐতিহ্যবাহী পিঠার সমারোহে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) উদযাপিত হয়েছে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩২’। মঙ্গলবার ক্যাম্পাসে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ও নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বোর্ড সদস্য দুলুমা আহমেদ, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
এ আয়োজন সবার জীবনে নতুন প্রাণ ও উদ্দীপনা এনে দেবে বলে জানান আজিজ আল কায়সার। বেনজীর আহমেদ বলেন, বসন্ত নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যা তারুণ্যের উচ্ছ্বাসকে উজ্জীবিত করে।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এনএসইউ কেবল শিক্ষা নয়, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান ও ভালোবাসার সঙ্গে লালন করে এগিয়ে যেতে চায়।
উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের হাতে তৈরি ফেস্টুন, ফ্লায়ার ও ব্যানারে রঙিন হয়ে ওঠে এনএসইউ ক্যাম্পাস। প্লাজা এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে লোকগান, ঐতিহ্যবাহী নৃত্য ও বিভিন্ন ধরনের টক-মিষ্টি পিঠার প্রদর্শনীতে। এ সময় সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা ফ্ল্যাশ মব পরিবেশন করেন। -বিজ্ঞপ্তি















