বিদ্যুৎ বিলে রাজস্ব টিকিট না লাগিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মচারীদের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলে এ অনিয়ম চলছে।
এ ঘটনায় ১৭ আগস্ট কুড়িগ্রাম জেলা রাজস্ব কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আট গ্রাহক।
অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে ব্যাংকের জোনাল ম্যানেজার ও রাজশাহীতে ব্যবস্থাপনা পরিচালক বরাবর।
লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, পল্লী বিদ্যুৎ গ্রাহকরা রাকাবের কাঁঠালবাড়ী বাজার শাখায় বিদ্যুৎ বিল প্রদান করেন।
৪০০ টাকার বেশি বিলে নিয়মমাফিক রাজস্ব টিকিট বাবদ ১০ টাকা করে জমা দেন। কিন্তু তাতে রাজস্ব টিকিট লাগান না ব্যাংক সংশ্লিষ্টরা।
রাজস্ব টিকিট না দেয়ার কারণ জানতে চাইলে গ্রাহকদের নানা অজুহাত দেন।
রাজস্ব খাতের এ টাকা ব্যাংক সংশ্লিষ্টরা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ, কেবল কাঁঠালবাড়ী বাজার শাখা নয়, রাকাবের এ অঞ্চলের প্রায় সব শাখায় কমবেশি এমন ঘটনা ঘটছে।
সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি বিদ্যুৎ গ্রাহকদের।
অভিযোগ বিষয়ে রাকাবের কাঁঠালবাড়ী বাজার শাখা সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক ও রাকাবের এজিএম
আশরাফুল আলম রঞ্জু বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, ১৭ আগস্ট আমরা আটজন বিদ্যুৎ গ্রাহকের একটা লিখিত অভিযোগ পেয়েছি।
ওইদিনই অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়েছে।
১৯ আগস্ট কাঁঠালবাড়ী শাখায় সরেজমিন তদন্তে গিয়েছিল কমিটি।
ওই আট অভিযোগকারী ছাড়া আর কারো এমন অভিযোগ আছে কিনা সেটিও খতিয়ে দেখছি আমরা।
অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনের দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি।
তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার স্ত্রী পরিচয়ে জানান, তিনি কয়েকদিন ধরে অসুস্থ।
এ বিষয়ে তিনি কথা বলতে পারবেন না।










