দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথসহ ১০ পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ (এনএসইউ), ব্র্যাক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে গতকাল অনলাইনে পাঠদান শুরু করে, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এছাড়া আজ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অনলাইনে পাঠদান শুরু করবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ এপ্রিল (গতকাল) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অফিশিয়াল ফেসবুক পেজে রেজিস্ট্রারের বরাতে ২১-২৭ এপ্রিল অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো ই-মেইলে শিক্ষার্থীদের ২১-২৭ এপ্রিল অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে নোটিস দেয়া হয়েছে।
এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। আজ থেকে ২৪ এপ্রিল অনলাইনে ক্লাস গ্রহণের ঘোষণা দিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
আজ থেকে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা। যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।










